এক পাদ্রী মৃত্যুর পর স্বর্গের দরজায় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে; তার ঠিক সামনেই আছে চোখে সানগ্লাস,দামী শার্ট, চামড়ার জ্যাকেট, জিন্স পরা ধোপধুরস্ত এক সুপুরুষ। স্বর্গের দূত এক এক করে ডাকছে, নাম ও পেশা জিজ্ঞেস করে মিলিয়ে দেখছে, যাদের নাম লিস্টে আছে তাদের শুভেচ্ছা প্যাকেজ দিয়ে স্বর্গে অভ্যর্থনা জানাচ্ছে। সুদর্শন লোকের পালা এলো, "আপনার নাম ও পেশা?" "আমি জন কোহেন, স্টকব্রোকার, নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ।" স্বর্গের দূত লিস্টে চেক করে দেখে জনের হাতে মসলিন পোশাক, হীরের মুকুট আর শ্যাম্পেন ভর্তি স্বর্ণের গ্লাস দিয়ে মৃদু হেসে বললেন, "অভিনন্দন মিস্টার জন-স্বর্গে আপনাকে স্বাগতম!"
এরপর পাদ্রীর পালা আসতেই বুক টান টান করে আত্মবিশ্বাসের সাথে বললো, "আমি বব ড্যানিয়েল, চল্লিশটা বছর আমি ধর্মযাজক ছিলাম, আমৃত্যু আমি নিষ্ঠার সাথে ধর্ম প্রচার করেছি"। স্বর্গের দূত লিস্টে চেক করে দেখে ববের হাতে সুতির পোশাক, রুপার মুকুট আর পানি ভর্তি কাঠের গ্লাস দিয়ে মৃদু হেসে বললেন, "অভিনন্দন ফাদার বব-স্বর্গে আপনাকে স্বাগতম!"
বিস্ময়ে হতবাক বব চিৎকার করে উঠলো, "এ কেমন বিচার? ও স্টকব্রোকার হয়ে মসলিন পোশাক, হীরের মুকুট আর শ্যাম্পেন ভর্তি স্বর্ণের গ্লাস দিয়ে পুরস্কৃত হয়, অ্যার আমার জন্য সুতির পোশাক, রুপার মুকুট আর পানি ভর্তি কাঠের গ্লাস! এ কেমন বিচার?"
স্বর্গের দূত গম্ভীর গলায় জবাব দিলেন, "এখানে মানুষকে তার কর্মের জন্য নয়, কর্মফলের জন্য পুরস্কৃত করা হয়! আপনি যখন ধর্মপ্রচার করেছেন, মানুষ তখন ঘুমিয়েছে; আর জন যখন buy-sell করেছে, তার ক্লায়েন্টরা রাত জেগে প্রার্থনা করেছে!"
No comments:
Post a Comment